অস্ট্রেলিয়ান ওপেন থেকে সেরেনার নাম প্রত্যাহার

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৭:২৩
শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বর্তমান চ্যাম্পিয়ন সেরেনা উইলিয়মাস। মাত্র চার মাস আগে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা। সে কারণেই এখনো নিজেকে প্রতিযোগিতামূলক ম্যাচে খেলার জন্য পুরোপুরি প্রস্তুত করে তুলতে পারেননি। তাই শুক্রবার অস্ট্রেলিয়ান ওপেনে না খেলার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছেন সাবেক এই শীর্ষ তারকা। 
 
২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী এই মার্কিন তারকার গত মাসে আবুধাবিতে প্রীতি টুর্নামেন্টের মাধ্যমে সন্তান জন্মের পরে প্রথমবার কোর্টে ফিলেছিলেন। সেই টুর্নামেন্টে অবশ্য ফ্রেঞ্চ ওপেন বিজয়ী হেলেনা ওস্তাপেনকোর কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয় সেরেনাকে। প্রায় এক বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনাল ম্যাচটিই ছিল সেরেনার জন্য সর্বশেষ কোন প্রতিদ্বন্দ্বীতামূলক ম্যাচ। দুই মাসের অন্তঃসত্বা থাকা অবস্থায় তিনি আসরের শিরোপা জিতেছিলেন। স্মরণীয় ঐ ফাইনালে তার প্রতিপক্ষ ছিল বড় বোন ভেনাস উইলিয়ামস। এরপরই তিনি দীর্ঘদিনের বন্ধু এ্যালেক্সি ওহানিয়ানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও সেপ্টেম্বরে কন্যা সন্তানের জন্ম দেন। 
 
এক বিবৃতিতে ৩৬ বছর বয়সী সেরেনা বলেছেন, ‘আবু ধাবীতে খেলার পরে আমি মনে করেছিলাম মেলবোর্নে খেলার খুব কাছাকাছি আমি রয়েছি। তবে আমরা ধারণা ভুল ছিল। আমার কোচ ও পুরো দল সবসময়ই আমাকে বলেছে, যখন তুমি পুরোপুরি প্রস্তুত হতে পারবে তখনই খেলার চিন্তা করবে। আমি খেলতে পারি, কিন্তু শুধুমাত্র খেলার জন্যই আমি কোর্টে নামতে চাই না। ভাল খেলাই আমার লক্ষ্য। সে কারণেই আমার আরো কিছু সময় প্রয়োজন। এ বছর অস্ট্রেলিয়ায় খেলতে না পেরে অবশ্যই আমি দারুণ হতাশ।’
 
সেরেনার এই নাম প্রত্যাহারে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে আরো একজন তারকা ঝড়ে পড়লেন। এর আগে বৃহস্পতিবার বিশ্বের সাবেক এক নম্বর তারকা এন্ডি মারে ও জাপানের কেই নিশিকোরি ইনজুরির কারণে টুর্ণামেন্টে না খেলার ঘোষণা দিয়েছেন। 
 
 
ইত্তেফাক/কেআই