ঢাবির সেই শিক্ষক ১১ জানুয়ারির আগে ডক্টর দাবি করতে পারেন না

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ০৯:২৮
 
পিএইচডিপ্রাপ্ত দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া সাময়িক অব্যাহতিপ্রাপ্ত শিক্ষক অনুপ কুমার সাহা আগামী ১১ জানুয়ারির পূর্বে নিজেকে ডক্টর হিসেবে দাবি করতে পারবেন না। যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। অনুপ সাহা এই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন।
 
জানা গেছে, অনুপ কুমার সাহা ২০১৬ সালের ১৯ নভেম্বর যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত একটি অভিসন্দর্ভের কপি দেখিয়ে ঢাবির সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পান। ওই কপিতে তাকে ডক্টর বলা হয়েছে বলে তিনি দাবি করেন। এটা নিয়ে দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশিত হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতি বিষয়টি তদন্ত এবং তদন্ত ফলপ্রাপ্তি পর্যন্ত তাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সকল কার্যক্রম থেকে অব্যাহতি প্রদানের নির্দেশ দেন।
 
এদিকে ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে নিশ্চিত করা হয় অনুপ কুমার সাহার পিএইচডি থিসিস ৬ অক্টোবর ২০১৭ তারিখে চূড়ান্তভাবে গৃহীত হয় এবং আগামী ১১ ও ১২ জানুয়ারি  তারিখে আনুষ্ঠানিকভাবে সনদ প্রাপ্ত হবেন। কোনো অবস্থাতেই তিনি নিয়ম অনুযায়ী আগামী ১১ জানুয়ারির পূর্বে নিজের নামের সাথে ডক্টর ব্যবহার করতে পারবেন না। উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, কাগজপত্র আসুক। আমরা দেখে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিবো।
 
ইত্তেফাক/জামান