রাজধানীতে সড়ক দুর্ঘটনায় এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম রুপন ডিও (৪৫)। ল্যান্স নায়েক রুপন ডিও পিলখানা বিজিবি’র সদর দপ্তরে মোটর মেকানিক শাখায় কর্মরত ছিলেন।
শনিবার সকাল পৌনে ৭টার দিকে রাজধানীর তেজগাঁও বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিং মোড়ে একটি যাত্রীবাহী বাসের চাপায় তিনি গুরুতর অহিত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুপনকে মৃত ঘোষণা করেন।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) শাজাহান হাওলাদার জানান, মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তেজগাঁও বিজয় সরণীর উড়োজাহাজ ক্রসিং এলাকায় বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় ঢামেক হাসপাতালে তিনি মারা গেছেন।
নিহতের পকেটে থাকা পরিচয়পত্র থেকে জানা যায় তিনি একজন বিজিবি’র সদস্য। তার নিহত হওয়ার বিষয়টি ইতোমধ্যে বিজিবি সদর দপ্তরে জানানো হয়েছে। মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে বলে জানান তিনি। দুর্ঘটনার পরপর বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। বাসস
ইত্তেফাক/এমআর
