নব নিযুক্ত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘প্রধানমন্ত্রী একটি ডুবন্ত নৌকাকে জাগিয়ে তোলার দায়িত্ব আমার ওপর দিয়েছেন। আমি সফল হতে পারব এমন আস্থা ও বিশ্বাস থেকে প্রধানমন্ত্রী আমাকে এ দায়িত্ব দিয়েছেন। তার সম্মান রাখার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে কাজ করে যাব। মন্ত্রণালয়ে প্রথম সাতদিন ছাত্র থাকব। তারপর আমার কাজ শুরু করব। টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আমার ৩০ বছরের অভিজ্ঞতা আছে। এ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আশা করি আমি সফল হব। আমি সফল হলে প্রধানমন্ত্রীও সফল হবেন।’
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন, ‘প্রাইভেট অপারেটরগুলো আমাদের ফ্রিকুয়েন্সি ও ব্যান্ডউইথ ব্যবহার করে ব্যবসা করছে। তারা পারলে আমরা পারবো না কেন? আমার বিশ্বাস কোথাও কোনো ভুল ছিল কিংবা ব্যবস্থাপনার দায়িত্বে যারা ছিলেন তারা সিদ্ধান্ত নিতে পারেন নি। আমি এসব সমস্যা চিহ্নিত করব। ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। আমার বিশ্বাস ব্যর্থতাগুলো চিহ্নিত করতে পারলে আমরাও ব্যবসা করতে পারব।’
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেযারম্যান ড. শাহজাহান মাহমুদ, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু তারেক, উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
