‘‌পুলিশি তৎপরতায় অপরাধ অর্ধেক কমে এসেছে’

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৮:৫৮
 
পুলিশি তৎপরতায় গত পাঁচ বছরে (২০১৩- ২০১৭) অপরাধ প্রবণতা প্রায় অর্ধেকে কমে এসেছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। পুলিশ সপ্তাহকে সামনে রেখে আজ শনিবার দুপুরে পুলিশ সদর দফতরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি এ তথ্য জানান।
 
আগামী ৮ জানুয়ারি পুলিশ সপ্তাহ-২০১৮ শুরু হবে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজারবাগ পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও সপ্তাহের উদ্বোধন করবেন। এবারই প্রথমবারের মতো রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ পুলিশ কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে অংশ নিবেন।
 
আইজিপি বলেন, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত গত পাঁচ বছরে তুলনামূলক অপরাধ পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ২০১৩ সালে ডাকাতির ঘটনা ঘটেছে ৬১৩টি এবং ২০১৭ সালে ৩৩৬টি, ২০১৩ সালে খুনের ঘটনা ঘটেছে ৪ হাজার ৩৯৩টি এবং ২০১৭ সালে ৩ হাজার ৫৪৯টি, ২০১৩ সালে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে ১৪ হাজার ৩৬৯টি এবং ২০১৭ সালে ১১ হাজার ২০৩টি, ২০১৩ সালে অপহরণের ঘটনা ঘটেছে ৮৭৯টি এবং ২০১৭ সালে ৫০৯টি।
 
তিনি বলেন, ডাকাতি, খুন, অপহরণ, চুরি, নারী নির্যাতন, বিস্ফোরক ও মাদক উদ্ধারের ঘটনায় দায়েরকৃত মামলার তুলনায় উদ্ধারজনিত কারণে রুজুকৃত মামলার পরিসংখ্যানেও দেখা গেছে, ২০১৩ সালে উদ্ধার জনিত মোট মামলা ছিল ৪৪ হাজার ৭৯৩টি এবং ২০১৭ সালে এর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ১৫৩টি, যা ২০১৩ এর তুলনায় দ্বিগুণ।
 
পুলিশ প্রধান বলেন, ২০১৭ সালের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত সংঘটিত ডাকাতি, দস্যুতা, খুন ইত্যাদি অপরাধ পর্যালোচনা করে দেখা গেছে, এসব ঘটনার প্রত্যেকটিতে মামলা হয়েছে এবং পুলিশ প্রায় প্রতিটি ঘটনার রহস্য উদঘাটন করে প্রকৃত আসামি গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
 
তিনি বলেন, ২০১৭ সালে অস্ত্র, বিস্ফোরক দ্রব্য, মাদক দ্রব্য ও চোরাচালানের ঘটনায় উদ্ধারজনিত কারণে মোট মামলা হয়েছে ১ লাখ ৭ হাজার ১৫৩টি। এরমধ্যে অস্ত্র আইনে ২ হাজার ২০৮টি, বিস্ফোরক দ্রব্য আইনে ৩৬২টি, মাদকদ্রব্য আইনে ৯৮ হাজার ৯৮৪টি, চোরাচালান দ্রব্য আইনে ৫ হাজার ৫৯৯টি। এসব মামলায় ১ লাখ ১৫ হাজার ৫২৮ জন আসামি গ্রেফতার হয়েছে।
 
একেএম শহীদুল হক বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে পুলিশ বাহিনী ব্যাপক সফলতা দেখিয়েছে। জঙ্গি দমনে বিশ্বের কাছে বাংলাদেশ আজ রোল মডেল।
 
সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজিপি (অপারেশন ও প্রশাসন) মো. মোখলেসুর রহমান, পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপি ড. মো. জাবেদ পাটোয়ারি, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, পুলিশ সদর দফতরের সহকারি মহাপুলিশ পরিদর্শক (এআইজি) সহেলী ফেরদৌস প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/কেকে