কুমেকে সংঘর্ষের ঘটনায় ৫২জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৮, ১৯:২৮
 
কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৫২জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 
 
শনিবার কুমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে মামলাটি করেন। এ মামলার গ্রেফতারকৃত ২ আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে শনিবার সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে আধিপত্য বিস্তার নিয়ে কুমেক ছাত্রলীগ নেতা আবদুল হান্নান ও হাবিবুর রহমান পলাশ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দফায় দফায় সংঘর্ষে অন্তত ১৬জন ছাত্র আহত হন। এদের মধ্যে গুরুতর আহত কলেজের ২৩তম ব্যাচের ছাত্র তৌফিকুল ইসলাম ও ইরফানুল হক রুপুকে শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তৌফিককে এ্যাপোলো হাসপাতালের আইসিইউতে নেয়া হয়। শনিবার বিকাল পর্যন্ত তিনি আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে জানা যায়। 
 
এদিকে এ ঘটনায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া বাদী হয়ে কলেজের বিভিন্ন বর্ষের ১৭জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৩৫জনসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
 
কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মো. সালাউদ্দিন আহমেদ জানান, এ ঘটনায় মামলার আসামি রিয়াদ হোসেন ও সৌমিত্র আচার্যকে গ্রেফতার করার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি