ফেনীর দাগনভূঞাতে যাত্রীবাহী বাস উল্টে ৭ জন নিহত হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টার দিকে ফেনী-মাইজদী সড়কের বেকের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষনিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। নিহত ৪ জনের লাশ দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ৩ জনকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। আহত অন্যদের দাগনভূঞা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফেনী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, লক্ষ্মীপুর মঝু চৌধুরীর হাট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী শাহী পরিবহনের বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা ও একটি মোটরসাইকেল বাসের সামনে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা চালায়।
এসময় ফেনী-মাইজদী সড়কের দীর্ঘ ১০ কিঃ মিঃ যানজট এর সৃষ্টি হয়। এতে যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হয়। দাগনভূঞা সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ আবুল খায়ের মিয়াজি জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক।
ইত্তেফাক/নূহু
