রাজধানীর মুগদায় দৈনিক ইত্তেফাকের গ্রাফিক্স ডিজাইনারের বাসায় দিনেদুপুরে দরোজার তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ দুই লাখ পঁচিশ হাজার টাকাসহ দশ ভরি স্বর্ণালংকার হারিয়েছেন ইত্তেফাকের গ্রাফিক্স ডিজাইনার মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজুর রহমান জানান, তিনি বাস করেন দক্ষিণ মুগদার ওয়াপদা গলির ১/২/এ নং বাসার দ্বিতীয় তলায়। শুক্রবার আনুমানিক বিকাল ৫টার দিকে তার বাসায় চুরি হয়। তিনি এ সময় সস্ত্রীক মেয়েকে নিয়ে বের হয়েছিলেন মেয়ের জন্য পহেলা বৈশাখের জামা কিনতে। এ সুযোগে চোর তার ঘরের তালা ভেঙে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়।
ঘরে নগদ ২ লাখ পঁচিশ হাজার টাকা ছিলো। এত টাকা ঘরে কেন ছিলো জানতে চাইলে মোস্তাফিজুর রহমান বলেন, ‘গতকাল বেতনের টাকা তুলেছিলাম। এছাড়া ফ্রিল্যান্সিংয়ের কিছু টাকা এবং চট্টগ্রামের বাড়ির কাজ করার জন্য ব্যাংক থেকে উত্তোলন করা টাকা মিলিয়ে দুই লাখ পঁচিশ হাজার টাকা ঘরে রাখা ছিলো।’
আরও পড়ুনঃ টানবাজারের সাহাপাড়ায় যৌতুকের বলি গৃহবধূ বৃষ্টি
ডিএমপির মুগদা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘আমরা ঘটনার সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলা নেওয়া হচ্ছে।’
ইত্তেফাক/নূহু
