বগুড়ার শাজাহানপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল মিয়া (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। রবিবার বিকেলে উপজেলার ভূমি রেজিস্ট্রি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। জুয়েল উপজেলার মাঝিড়া বন্দরের মেসার্স জুয়েল রেশন স্টোরের স্বত্ত্বাধিকারী ডোমনপুকুর নতুনপাড়ার হেলাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেল সোয়া ৩টার দিকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পার্শ্বে পার হওয়ার সময় ঢাকাগামী শাহ ফতেহ আলী নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় জুয়েল বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/ইউবি
