‌‌‘মার্চে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে উন্নীত হবে বাংলাদেশ’

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৮:৫২
 
বাংলাদেশ চলতি ২০১৮ সালের মার্চে নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে পরিণত হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
 
বাংলাদেশে সফররত ডব্লিউটিও-এর সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির সঙ্গে আজ রবিবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে মতবিনিময় শেষে এক প্রেস ব্রিফিংয়ে একথা জানিয়েছেন তিনি।
 
তোফায়েল আহমেদ বলেন, ডেভেলপিং কান্ট্রিতে পরিণত হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয়, তা বাংলাদেশ প্রায় অর্জন করেছে। প্রথমতঃ মাথাপিছু আয় এক হাজার ২৪২ মার্কিন ডলার হতে হয়, বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় এক হাজার ৬১০ মার্কিন ডলার। দ্বিতীয়তঃ মানব সম্পদের উন্নয়ন অর্থাৎ দেশের ৬৬ ভাগ মানুষের জীবনযাত্রার মান উন্নত হতে হয়, বর্তমানে বাংলাদেশের ৭০ ভাগ মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হয়েছে।তৃতীয়তঃ অর্থনৈতিকভাবে ভঙ্গুর না হওয়ার মাত্রা ৩০ ভাগ হতে হবে, বাংলাদেশে এ মহুর্তে তা ২৬ ভাগ অর্জন করেছে।
 
বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের ইকোনমিক ও সোস্যাল কাউন্সিল উল্লিখিত তিনটি বিষয় বিবেচনা করে কোনো দেশকে নিম্নমধ্য আয়ের দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশে পরিণত হবার ঘোষণা দেয়। আগামী মার্চ মাসে এ কান্সিলের মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশকে উন্নয়নশীল (ডেভলপিং) দেশ হিসেবে ঘোষণার বিষয়টি আলোচিত হবে। আশা করা যায়, এরই মধ্যে বাংলাদেশ তৃতীয় বিবেচ্য বিষয়টি সফলভাবে অর্জন করবে এবং কাউন্সিল বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে ঘোষণা করবে। এ ঘোষণা কার্যকর হতে প্রস্তুতির সময় থাকবে। আশা করা যায়, বাংলাদেশ স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে ২০২১ সালে বিশ্বে উন্নয়নশীল দেশে পরিণত হবে।
 
তোফায়েল আহমেদ আশা প্রকাশ করে বলেন, ইউরোপিয়ান ইউনিয়ন এলডিসি ভুক্ত দেশ হিসেবে বাংলাদেশকে এভ্রিথিংস বাট আর্মস-এর আওতায় জিএসপি সুবিধা প্রদান করছে। বাংলাদেশ উন্নয়নশীল দেশ হবার পরও বাংলাদেশকে জিএসপি প্লাস সুবিধা প্রদান করা হবে। এজন্য মন্ত্রী ডব্লিউটিও-এর সাবেক মহাপরিচালক প্যাসকেল ল্যামির সহযোগিতা কামনা করেন। বাংলাদেশ এ মুহূর্তে ইউরোপিয়ন ইউনিয়নে প্রায় ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের বেশি পণ্য রফতানি করছে।
 
ইত্তেফাক/কেকে