রবিবার রাতে এক ছাত্রলীগ কর্মী খুনের জের ধরে ডাকা ছাত্রধর্মঘটের মধ্যেই সিলেট-তামাবিল সড়ক অবরোধ করেছে ছাত্রলীগ। আজ সোমবার সকাল থেকে এমসি কলেজের প্রধান ফটকের সামনের টায়ার পুড়িয়ে সড়ক অবরোধ করেন তারা। অবরোধের কারণে তামাবিল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের জন্য তানিমের সহকর্মীরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদের সমর্থিত জেলা ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরীর নেতৃত্বাধীন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন।
হত্যার প্রতিবাদে রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর চৌহাট্টায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার সকালে তারা টিলাগড়ে সিলেট-তামাবিল সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষোভ চলছিল।
এ ব্যাপারে শাহপরান থানার ওসি আখতার হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা সর্বাত্মক চেষ্টা করছি।
এদিকে, ছাত্রলীগকর্মী তানিম খুনের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ সমর্থিত ফাইটার খ্যাত ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন ডায়মন্ডকে আটক করেছে পুলিশ। ফাইটার ডায়মন্ড জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। আজ সোমবার ভোরে টিলাগড় এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন সিলেট মেট্টোপলিটন পুলিশের শাহপরান থানার ওসি আখতার হোসেন। গতরাতে আটক তিনজনসহ তানিম খুনের ঘটনায় এ পর্যন্ত চারজনকে আটক করা হয়।
আটক অন্যরা হলেন- আওয়ামী লীগের আজাদ সমর্থিত ছাত্রলীগ কর্মী রুহেল আহমদ, জাকির আহমদ ও সৈয়দ আবিদ আহমদ।
ইত্তেফাক/কেকে
