নাগেশ্বরীতে তীব্র শীতে দুর্ভোগ

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৫:৩৮
নাগেশ্বরীতে কয়েক দিনের টানা শৈত্যপ্রবাহ ও তীব্র শীতে দুর্ভোগ বেড়েই চলেছে। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। ক্রমাগত বাড়ছে শীত বস্ত্রের চাহিদা।
 
এবারে শীতের তীব্রতা গত কয়েক বছরের মাত্রাকে ছাড়িয়ে গেছে। রবিবার দিনের বেলায় তাপমাত্রা কিছুটা থাকলেও সন্ধ্যার পর পরেই তা নেমে এসেছে ৬ ডিগ্রী সেলসিয়াসে। পাঁচদিন পর সোমবার দিনে কিছুক্ষণের জন্য সূর্যের দেখা মিললেও উত্তাপ ছিলনা। কয়েক দিনের এ অবস্থায় প্রভাব পড়েছে জনজীবনে। সন্ধ্যার আগে থেকেই শহরের রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। কনকনে ঠাণ্ডায় কাজে যেতে পারছে না খেটে খাওয়া মানুষ। শীত বস্ত্রের অভাবে চরম কষ্টে পড়েছে ছিন্নমূল মানুষেরা। ক্রমাগত বাড়ছে শীত বস্ত্রের চাহিদা।
 
শহরের বাইরে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, খরকুটো জ্বালিয়ে উত্তাপ নিচ্ছে শীতার্ত মানুষেরা। প্রচণ্ড শীতে মরক দেখা দিয়েছে বিভিন্ন হাঁস-মুরগীর খামারে। শীত জনিত রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। প্রতিদিন হাসপাতালে আসছে এরকম অসংখ্য রোগী।
 
ইত্তেফাক/এমআই