সরকারি সর্বোচ্চ পদোন্নতি পেলেন অতিরিক্ত আইজি মোখলেসুর রহমান

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৭:২৬
সরকারি সর্বোচ্চ পদ ‘গ্রেড-১’-এ পদোন্নতি পেয়েছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরির্দশক (অতিরিক্ত আইজিপি) মো. মোখলেসুর রহমান। গত শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ অধিশাখার উপসচিব মো. ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
 
পুলিশ সদর দফতরে বিগত ৩ বছর ধরে অত্যন্ত দক্ষতার সঙ্গে অতিরিক্ত আইজিপি প্রশাসন ও অপারেসনস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। মো. মোখলেসুর রহমান পুলিশ সদর দফতরে অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বাংলাদেশের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি পুলিশের ঢাকা বিভাগের ডিআইজি, পুলিশ সদর দফতরের ডিআইজি (ট্রেনিং), সারদা পুলিশ একাডেমির প্রিন্সিপাল (ডিআইজি) , বরিশাল আরআরএফের কমান্ডেন্ট, পুলিশ সুপার গাজীপুর, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মতিঝিলসহ পুলিশ বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 
 
বাংলাদেশ পুলিশের ৮৫ ব্যাচের কর্মকর্তা মো. মোখলেসুর রহমান চাকরি জীবনের শুরু থেকেই অত্যন্ত দক্ষতার সঙ্গে তার উপর অর্পিত সকল দায়িত্ব পালন করে আসছেন। চাকরি জীবনের প্রথম দশকে তিনি রাজধানীর একটি স্পর্শকাতর জোন থেকে জাতির জনক বঙ্গবন্ধুর আত্ম স্বীকৃত খুনি লে. কর্নেল ফারুক, লে. কর্নেল রশীদ ও খায়রুজ্জামানকে গ্রেফতার করেন। ১৯৯৬ সালের ১৩ আগস্ট তিনি এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় তিনি এসবির অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ‘৭৫ পরবর্তী সময়ে এটিই ছিল জাতিরজনক বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে সরকারের নেয়া প্রথম পদক্ষেপ। বাংলাদেশ সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত এটাই এসবির একমাত্র অপারেশন। এর আগে বা পরে আর কখনই এসবি কোন অভিযান পরিচালনা করেনি। 
 
এ ছাড়াও তিনি সিআইডি প্রধান থাকাকালে আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত ২০০৪ সালের ২১ আগস্ট তারিখে বর্তমান প্রধানমন্ত্রী ও তৎকালীন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলা মামলা ও বিএনপি-জামায়াত জোট সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনস্থ চট্টগ্রামের সার কারখানা জেটি থেকে পাচার ও নাশকতার উদ্দেশ্যে আমদানি করা আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধার মামলা, চাঞ্চল্যকর অর্থ পাচার মামলাসহ বেশকিছু গুরুত্বপূর্ণ মামলার সঠিক ও নির্ভুল তদন্ত করে চার্জশিট প্রদান করেন।
 
 
ইত্তেফাক/ইউবি