ডিসেম্বরের শুরুর দিকে গার্ড মুলারের একটি কীর্তিতে ভাগ বসিয়েছিলেন লিওনেল মেসি। ইউরোপের কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি ৫২৫ গোলের রেকর্ডটা ছুঁয়েছিলেন সেদিনই। এবার তার আরো একটি কীর্তিতে ভাগ বসালেন আর্জেন্টাইন এই খুদে ফুটবল জাদুকর।
লেভান্তের বিপক্ষে রবিবার রাতে বার্সার হয়ে স্প্যানিশ লা লিগায় ৪০০তম ম্যাচ খেলেনি মেসি। এই ম্যাচে এক গোল করেন তিনি। সেই সুবাদে লা লিগায় মেসির গোলসংখ্যা দাঁড়ায় ৩৬৫টি। এর মাধ্যমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের রেকর্ড দখলে রাখা মুলারকে ধরে ফেলেছেন তিনি।
লা লিগার এই ম্যাচে লেভান্তেকে ৩-০ গোলে হারায় বার্সা। এতে ১৮ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে বার্সা। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকোর চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে কাতালানরা।
ইত্তেফাক/কেআই
