‘স্বপ্নটা এবার বাস্তবে ধরা দিল’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৮, ১৯:০৮
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনায় যোগ দিলেন ব্রাজিলের ফুটবল তারকা ফিলিপ কুটিনহো। আজ সোমবার ন্যু ক্যাম্পে ১৪৫ মিলিয়ন পাউন্ড মূল্যের এই চুক্তি চূড়ান্ত করেন। এরপর তাকে ন্যু ক্যাম্পের পিচে নিয়ে যাওয়া হয়। ফুটবলের ইতিহাসে তৃতীয় ব্যয়বহুল এই চুক্তিতে বার্সায় যোগ দেয়ার পর কুটিনহো বলেন, স্বপ্নটা এবার বাস্তবে ধরা দিল।
IMG0
কুটিনহো যখন বার্সার জার্সি নিয়ে মাঠে হাজির হন তার আগেই সেখানে মেসিরা লেভান্তেকে ৩-০ গোলে হারায়। চুক্তির আনুষ্ঠানিকতা শেষে ইনস্টাগ্রামে বার্সা সমর্থকদের উদ্দেশ্যে কুটিনহো বলেন, হায় বার্সা সমর্থকরা, আমি এখন তোমাদের এখানে। স্বপ্নটা এবার বাস্তবে ধরা দিল। আশা করছি আগামীতে তোমাদের সঙ্গে দেখা হবে।’
IMG1
ব্রাজিলিয়ান তারকা নেইমার বার্সা ছেড়ে দেয়ার পর থেকেই কুটিনহোর পিছু নেয় বার্সা। শেষ পর্যন্ত মৌসুমের মধ্যবর্তী দলবদলে ক্লাবের রেকর্ড ট্রান্সফার ফিতে কুটিনহোকে দলে ভেড়ায় বার্সেলোনা। আগামী বৃহস্পতিবার সেল্টা ভিগোর বিপক্ষে স্প্যানিশ কাপের ম্যাচে প্রথম বার্সার হয়ে নামতে পারেন তিনি।   
IMG2
লিভারপুলে কুটিনহো ২০০ ম্যাচে করেছেন ৫৪ গোল। ২৫ বছর বয়সী ব্রাজিলিয়ানকে ধরে রাখতে ক্লাবটি সবধরনের চেষ্টাই করেছে। কুটিনহোর বিদায় বেলায় তার সাবেক গুরু জার্গেন ক্লপ এক বিবৃতিতে বলেন, অনিচ্ছা সত্ত্বেও আমাদের ভাল বন্ধু, দুর্দান্ত ব্যক্তিত্ব ও অসাধারণ খেলোয়াড় ফিলিপ কুটিনহোকে আমরা দল হিসেবে বিদায় দিতে প্রস্তুত।
 
ইত্তেফাক/কেআই