ঢাকার উত্তর সিটির মেয়র পদের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হচ্ছে মঙ্গলবার। একইসঙ্গে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির নবসৃষ্ট ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদের নির্বাচনেরও তফসিল ঘোষণা করা হবে।
নির্বাচন কমিশনের (ইসি) মিডিয়া সেন্টারে সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা এ তফসিল ঘোষণা করবেন। ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান আরজু এ তথ্য জানান। গত বৃহস্পতিবার কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। আলাদাভাবে ঢাকার দুই সিটিতে তিনটি তফসিল ঘোষণা করা হবে।
২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে আনিসুল হক মেয়র নির্বাচিত হয়েছিলেন। গত ৩০ নভেম্বর লন্ডনে চিকিত্সাধীন অবস্থায় মেয়র আনিসুল হক মারা যান। এর ফলে ৯০ দিনের মধ্যে আরেকটি নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা তৈরি হয়।
এর আগে গত বছরের জুলাইয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন ১৮টি করে সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে সংরক্ষিত ওয়ার্ড যুক্ত হয়। এগুলোতে এখনো কোনো নির্বাচন হয়নি। ২৬ ফেব্রুয়ারি এসব ওয়ার্ডেও নির্বাচন হবে। এসব ওয়ার্ডের কাউন্সিলর যারা নির্বাচিত হবেন তাঁদের মেয়াদ কত দিন হবে, এ বিষয়ে সিটি করপোরেশন আইনে কিছু উল্লেখ নেই।
তবে ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, বর্তমান পরিষদের মেয়াদ যত দিন বাকি আছে নতুন ওয়ার্ডগুলোতে নির্বাচিতদের মেয়াদ হবে তত দিন। মেয়াদ নির্ধারণ করা নিয়ে কোনো প্রজ্ঞাপন জারির প্রয়োজন হবে না।
ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনে এবার ভোটার সংখ্যা ৩১ লাখ দুই হাজার ১৫ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ দুই হাজার ৪৭২ আর নারী ভোটার ১৪ লাখ ৯৯ হাজার ৫৪২ জন। নতুন ১৮টি ওয়ার্ড যুক্ত করে এখন এখানকার মোট সাধারণ ওয়ার্ড ৫৬টি। আর ছয়টি নতুন সংরক্ষিত ওয়ার্ড নিয়ে সংরক্ষিত ওয়ার্ড ১৮টি। অন্যদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নতুন যুক্ত হওয়া ১৮টি ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৯৯ হাজার ৯৪৭ জন।
ইত্তেফাক/এমআই
