আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত আফগানিস্তান দলে জায়গা পেয়েছেন বর্তমানে নিষিদ্ধ থাকা উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদ। ডোপিং নিষেধাজ্ঞা থেকে আগামী ১৭ জানুয়ারি মুক্তি পাওয়ায় তাকে দলে রেখেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য আলাদা আলাদা দল ঘোষণা করেছে এসিবি। দুই ফরম্যাটের দলেই আছেন শেহজাদ। এ ছাড়া গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে থাকলেও আসন্ন সিরিজের জন্য দলে ফিরেছেন অলরাউন্ডার সামিউল্লাহ শেনওয়ারি। টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন গত বছরের জুলাইয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা পেসার হামিদ হাসানও। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটিই হবে নতুন কোচ ফিল সিমন্সের প্রথম অ্যাসাইনমেন্ট।
আফগানিস্তানের ওয়ানডে দল : আসগর স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমেদি, ইহসানুল্লাহ জানাত, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শারাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান এবং শাপুর জাদরান।
আফগানিস্তানের টি-২০ দল : আসগার স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, করিম সাদিক, নাজিবুল্লাাহ জাদরান, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেনওয়ারি, আফতাব আলম, মোহাম্মদ নবী, গুলাবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শাফিউদ্দিন আশরাফ, হামিদ হাসান ও শাপুর জাদরান।
ইত্তেফাক/কেআই
