ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে বিয়ে করে শ্বশুর বাড়ি উপজেলার কোটবাজার কাটির মাথা এলাকায় স্বপরিবারে বসবাস করছেন কুখ্যাত রোহিঙ্গা ডাকাত রাখাইনের তুমব্রু মধ্যমপাড়া গ্রামের আবু তৈয়বের ছেলে জাহাঙ্গীর আলম। পুলিশ সোমবার কোটবাজার এলাকায় তার শ্বশুর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উখিয়ার কুতুপালং ক্যাম্প ইনচার্জ বরাবর লিখিত অভিযোগে শরণার্থী শিবিরের 'এ' ব্লকের বাসিন্দা মৃত আবুল বাশারের ছেলে মোহাম্মদ আইয়ুব জানান, জাহাঙ্গীর ভুয়া জাতীয় পরিচয়পত্র দেখিয়ে নিরীহ রোহিঙ্গাদের জিম্মি ও টাকা আদায় করে আসছিলেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে জাহাঙ্গীর আলমকে আসামি করে এজাহার দায়ের করেছেন।
তার নেতৃত্বে একটি শক্তিশালী ডাকাতচক্র রয়েছে উল্লেখ করে বাদী আরো জানান, তার একজন নিকটত্মীয় নিউজিল্যান্ডে বসবাস করেন। রোহিঙ্গদের দুঃখ দুর্দশার কথা শুনে ওই প্রবাসী জাহাঙ্গীরের কৃষি ব্যাংক একাউন্টে ৭০ হাজার টাকা পাঠান। ওই টাকা রোহিঙ্গাদের দেওয়ার জন্য বলেন। কিন্তু জাহাঙ্গীর টাকা আত্মসাত করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, জাহাঙ্গীরের কাজ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্রটি আসল না নকল তা খতিয়ে দেখা হচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
