আগুনে পুড়িয়ে মারার ধারাবাহিক কর্মকাণ্ড চলছে যেন! সে ধারাবাহিকতায় গোপালগঞ্জে এবার এক ইটভাটা শ্রমিককে হাত পা বেঁধে গায়ে আগুন দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম এমদাদুল হক। তিনি সদর উপজেলার ঘোরাদাইড় গ্রামের অলিয়ার রহমানের ছেলে।
শুক্রবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতর থেকে তার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, ‘নিহত ইমদাদুল হক এমএসবি আই নামে এক ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। দুর্বৃত্তরা তাকে সদর উপজেলার পাইককান্দি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের মধ্যে হাত-পা বেঁধে শরীরে আগুন দিয়ে হত্যা করেছে।’
আরও পড়ুনঃ রাজধানীতে ইত্তেফাকের গ্রাফিক্স ডিজাইনারের বাসায় দিনেদুপুরে চুরি
তিনি জানান, খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। তবে কেন তাকে হত্যা করা হয়েছে, তা এখনও জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছেন তারা।
ইত্তেফাক/নূহু
