কেপটাউন টেস্টে চতুর্থ দিনেই দক্ষিণ আফ্রিকার কাছে ৭২ রানে হেরে গেছে ভারত। দুই ইনিংসেই ব্যর্থ ভারত অধিনায়ক বিরাট কোহলি। দুই ইনিংসে রান করেছেন যথাক্রমে ৫ ও ২৮। কোহলির এমন ব্যর্থতা মানতে পারছেন না তার এক সমর্থক। তাই তো হতাশায় গায়ে আগুনই ধরিয়ে দিয়েছেন। মধ্য প্রদেশে এমন ঘটনাই ঘটেছে।
কেপটাউন টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৫ রানে কোহলি আউট হওয়ার পরই গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৬৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত রেলকর্মী বাবুবাল বিরভা।
পুলিশ সূত্রে জানা যায়, ৫ জানুয়ারি নিজের বাড়িতেই দক্ষিণ আফ্রিকা-ভারত টেস্ট ম্যাচ দেখছিলেন বাবুবাল। স্বাভাবিকই ছিল সব কিছু। কিন্তু বিপত্তি ঘটে বিরাটের আউট হওয়ার পরই। বিরাট ৫ রানে প্যাভিলিয়নে ফিরতেই হতাশায় গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেন তিনি। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন বাড়ির অন্যরা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে তাঁর মাথা, মুখ এবং হাতের কিছু অংশে পুড়ে গেলেও তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
প্রাথমিকভাবে সন্দেহ করা হয়েছিল মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন বাবুবাল। কিন্তু সেই সন্দেহ খারিজ হয়ে যায় মেডিক্যাল রিপোর্টে। দো ভাটি পুলিশ স্টেশনের এএসআই পিএস আলাবা বলেন, ‘বাবুবাল স্বীকার করে নিয়েছেন, কোহালি আউট হওয়ায় তিনি খুবই হতাশ হয়ে পড়েছিলেন এবং হতাশা থেকেই নিজের গায়ে আগুন লাগিয়েছিলেন।’-আনন্দবাজার।
ইত্তেফাক/কেআই
