ময়মনসিংহের ফুলপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত। শৈত্য প্রবাহে কনকনে ঠাণ্ডায় মানুষ ভিড় করছে পুরাতন গরম কাপড়ের দোকানে। সরকারিভাবে এখনও হতদরিদ্রদের মাঝে বিতরণ করা হয়নি কোন শীত বস্ত্র। শীতের দাপটে পুরাতন গরম কাপড়ের দোকানিরাও এবার দাম বাড়িয়ে দিয়েছে।
পৌর শহরের ব্রিজ এলাকার পুরাতন গরম কাপড়ের দোকানগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত উপচেপড়া ভিড়। আগে থেকে শীত মোকাবেলার কোন প্রস্তুতি না থাকায়, মানুষ শীতের কবল থেকে রেহাই পেতে এখানে ভিড় করছে। এখানে ১০০-৫০০ টাকায় মিলছে কম্বল, সোয়েটার ও জ্যাকেট।
গেল কয়েক বছরের তুলনায় এবার শীতের তীব্রতা অনেক বেশি। বর্তমানে এখানে তাপমাত্রা ৬.৫ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। ফলে ঠাণ্ডায় শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছে। নিম্ন আয়ের মানুষ ও হতদরিদ্ররা শীত বস্ত্রের অভাবে নিদারুণ কষ্টে দিনাতিপাত করছে। হাসপাতালে শিশু ও বৃদ্ধরা শীতজনিত রোগ নিয়ে ভিড় করছে। শীতের দাপটে কৃষকদের ইরি-বোরো চাষাবাদ ব্যাহত হচ্ছে। নষ্ট হচ্ছে বীজতলা। সকাল-সন্ধ্যায় মানুষ শীতের কবল থেকে রক্ষা পেতে খড়-কুটো ও পুরাতন টায়ার জ্বালিয়ে শীত নিবারণের ব্যর্থ চেষ্টা চালাচ্ছে। গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি বাড়ি ও পৌর শহরের বিভিন্ন রাস্তায় এ দৃশ্য চোখে পড়ছে। মানুষের সঙ্গে গবাদি পশু ও হাঁস-মুরগিও শীতে কাহিল। অনেক এলাকায় শীতে হাঁস-মুরগির মড়ক দেখা দিয়েছে।
ইত্তেফাক/নূহু
