সৈয়দপুরে লরি চাপায় সাইকেল আরোহী নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:১২
 
নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনাল এলাকায় পণ্যবাহী লরির চাপায় তসলিম উদ্দিন (৬০) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত তসলিম উদ্দিনের বাড়ি সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের আইসঢাল ডাক্তারপাড়া গ্রামে। তিনি রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী।
 
জানা যায়, তসলিম উদ্দিন বাড়ি থেকে সাইকেল যোগে সৈয়দপুর শহরে আসছিলেন। এসময় বাস টার্মিনাল এলাকার উতরা ইপিজেডের পণ্যবাহী মালিহা কন্টেইনার ক্যারিয়ার সার্ভিসের লরি একই পথে আসছিল। লরির ধাক্কায় সাইকেল আরোহী পড়ে গেলে ওই লরির চাপায় প্রাণ হারান তিনি। পরে সৈয়দপুর দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
 
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান পাশা বিষয়টি নিশ্চিত করেন। লরিটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।
 
ইত্তেফাক/জামান