ফুলবাড়িতে ২ ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৫:৩১
 
দিনাজপুরের ফুলবাড়ি-পার্বতীপুর মহাসড়কের মহেশপুর নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে রাজু আহম্মেদ (১৮) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুলবাড়ি থেকে বড়পুকুরিয়া কয়লাখনিতে কয়লা পরিবহনের জন্য খালি ট্রাক যাওয়ার সময় মহেশপুর নামক স্থানে বিপরীত দিকে থেকে আসা বালু বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ট্রাক দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা ঘটনাস্থলে এসে বড়পুকুরিয়াগামী ট্রাকের হেলপার রাজু আহম্মেদকে মুমূর্ষু অবস্থায় ট্রাকের ক্যাবিন থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অপর ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।
 
উল্লেখ্য, বড়পুকুরিয়াগামী ট্রাকের চালকের পরিবর্তে নিহত হেলপার রাজু আহম্মেদ নিজেই খালি ট্রাকটি চালাচ্ছিলেন। তিনি পৌর শহরের মধ্যগৌরীপাড়া গ্রামের মো. শাহিন ইসলামের ছেলে।
 
ইত্তেফাক/জামান