বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ নারী যাত্রী আটক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ১৮:৩৫
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪টি স্বর্ণের বারসহ এক নারী যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। ওই যাত্রীর নাম জান্নাতুল ফেরদৌস। তার বাড়ি নরসিংদীতে। 
 
মঙ্গলবার তিনি ইউএস বাংলার ফ্লাইটে ওমানের মাস্কাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা তাকে তল্লাশি করে তার কাছ থেকে এসব স্বর্ণের বার জব্দ করে। এসব সোনার দাম প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা।  
 
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জানান, নরসিংদীর জান্নাতুল ফেরদৌস ওমান প্রবাসী। মঙ্গলবার তিনি ওমানের মাস্কাট থেকে ইউএস বাংলার ফ্লাইট বিএস৩২২ যোগে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা জানতে পারেন যে জান্নাতুল ফেরদৌস তার অন্তর্বাসে লুকিয়ে স্বর্ণের বার এনেছেন। এরপর শুল্ক গোয়েন্দারা তাকে তল্লাশি করে তার অর্ন্তবাস থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করে। এসময় তাকে আটক করে থানায় নেয়া হয়। পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। 
 
তিনি আরও জানান, ২৪টি স্বর্ণের বারের ওজন ২ কেজি ৭৮৫ গ্রাম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৯ লাখ টাকা।
 
ইত্তেফাক/এমআই