‘দুই বছরে দুধ উৎপাদনে স্বাবলম্বী হতে পারবো’

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২০:২৭
 
আগামী দুই বছরের মধ্যে দুধ উৎপাদনে বাংলাদেশ স্বাবলম্বী হতে পারবে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বলেছেন, তখন আর আমাদের বিদেশ থেকে দুধ আমদানী করতে হবে না। আজ মঙ্গলবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী এসব কথা বলেন।
 
নারায়ন চন্দ্র চন্দ বর্তমানে দেশে দুধের উৎপাদন তিন গুণ বেড়েছে জানিয়ে এসময় আরো বলেন, এসব সেক্টরে স্থিতিশীলতা রক্ষা করার জন্য আমরা কাজ করবো। 
 
তিনি বলেন, মৎস্যে ইতিমধ্যে আমরা উদ্ধৃত্তে চলে এসেছি। প্রাণীজ সম্পদেও আমরা অনেক দুর এগিয়েছি। বর্তমানে কোরবানীর জন্য ভারত থেকে গরু আমদানী করতে হয় না। দেশে উৎপাদিত গরু দিয়েই কয়েক বছর যাবৎ কোরবানী করা হচ্ছে। তারপরও অনেক উদ্ধৃত্ত থাকছে।
 
মন্ত্রী আরো বলেন, সমুদ্র থেকে মৎস্য সম্পদ আহরণের জন্য এক বছর আগে আমরা জরিপ কাজ শুরু করেছি। জরিপ শেষ হলে এখান থেকে বিপুল পরিমাণ সম্পদ আহরণ করা সম্ভব হবে।
 
এর আগে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধী সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
 
ইত্তেফাক/কেকে