ডিজিটাল বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয়া হয়েছে: বিজিবি মহাপরিচালক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২১:৪১
 
বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন বলেছেন, সীমান্তে গুলি করে মানুষ হত্যা কোনো অবস্থাতেই কারো কাছে গ্রহণযোগ্য নয়। মানুষ হত্যা বন্ধে আমরা বিএসএফের উপর চাপ সৃষ্টি করেছি। যাতে সীমান্তে গুলি করে আর কোনো নিরীহ মানুষ হত্যাকাণ্ডের ঘটনা না ঘটে সেজন্য বিজিবি-বিএসএফ যৌথভাবে ডিজিটাল বর্ডার ম্যানেজমেন্ট ব্যবস্থা চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু কিছু সীমান্তকে অপরাধমুক্ত অঞ্চল ঘোষণা করারও কাজ চলছে। সীমান্তে সংঘটিত সমস্যা সমাধানে উভয় দেশের ডিজি পর্যায়ে আলোচনা মাঠ পর্যায়েও আলোচনা অব্যাহত রয়েছে। অপরাধ প্রতিরোধে বিজিবি-বিএসএফ একযোগে কাজ করবে।     
 
তিনি মঙ্গলবার দুপুরে জেলার পাটগ্রাম উপজেলার বাউরা সানিয়াজান নদীর ধারে জমগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণের আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
এসময় উপস্থিত ছিলেন রংপুর আঞ্চলিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একেএম সাইফুল ইসলাম, রংপুর-৭ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মাহফুজ উল বারী, জেলা প্রশাসক শফিউল আরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন ও বাউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বসুনীয়া প্রমুখ। 
 
ইত্তেফাক/আরকেজি