গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাঁওতাল পল্লীতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও গুলি করে তিনজনকে হত্যা ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি রুহুল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই)।
মঙ্গলবার (০৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
রুহুল আমিন (৩৩) রংপুর চিনিকলের আওতাধীন মহিমাগঞ্জ চিনিকলের লেবার সর্দার। সে গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের জয়পুরপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সাঁওতাল পল্লীতে হামলা হামলার ঘটনায় থমাস হেমরনের দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি রুহুল আমিন।
তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে ওই ঘটনায় রুহুল আমিনের জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে। ঘটনার পরেও রুহুল আমিন নিজে লেবারদের দিয়ে বিভিন্নভাবে সাঁওতালদের ওপর অত্যাচার-নির্যাতন করে চলেছে। এসব ঘটনায় রুহুল আমিনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় বেশ কয়েকটি সাধারণ ডায়েরী করেছে সাঁওতালরা’।
অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন মিয়া বলেন, ‘গ্রেফতার এড়াতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আসছিলো রুহুল আমিন। কিন্তু গোপন খবরের সুত্রে আজ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বুধবার বিকেলের মধ্যে তাকে গোবিন্দগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে’।
ইত্তেফাক/নূহু
