হাসপাতালে গৃহবধূর লাশ রেখে শ্বশুর বাড়ির লোকজনের পলায়ন

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:০৩
 
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মঙ্গলবার দুপুর ২টার দিকে ঋতিকা আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ ফেলে পালিয়েছে শ্বশুর বাড়ির লোকজন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 
 
শ্রীনগর থানার এসআই আতিকুর রহমান জানান, গৃহবধূ ঋতিকাকে মুমূর্ষু অবস্থায় মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে শ্বশুর বাড়ির লোকজন। এ সময় সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এরপরই গৃহবধূর লাশ স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে রেখে পালায় তারা। 
 
গৃহবধূর বাবা সিরাজ তালুকদার অভিযোগ করেন, তার মেয়েকে গলা টিপে হত্যা করেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
 
উল্লেখ্য, ১ বছর আগে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি গ্রামের সিরাজ তালুকদারের মেয়ে ঋতিকা আক্তার ও একই গ্রামের আলতাব তালুকদারের ছেলে সোহেল তালুকদার পালিয়ে বিয়ে করেন।
 
ইত্তেফাক/আরকেজি