হাটহাজারীতে আ’লীগ নেতা খুনের ঘটনায় আরো এক আসামি আটক

আপডেট : ০৯ জানুয়ারি ২০১৮, ২৩:১১

হাটহাজারীতে চিকনদণ্ডী ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীলীগ নেতা রহমত উল্লাহ'র খুনের ঘটনায় বশর(৪০) নামে আরো এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সোয়া দশটায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত রহমত উল্লাহ'র আপন চাচাত ভাই মাসুদ পারভেজ(৪২)আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে খুনের সাথে বশর জড়িত থাকার কথা উল্লেখ করে। বশর চিকনদণ্ডি ইউনিয়নের আহনেরপাড়া অসি মিয়া সওদাগর বাড়ির মৃত আবুল কালামের পুত্র।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মাজেদুল বলেন, গত বৃহস্পতিবার মাসুদ পারভেজ চট্টগ্রাম সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী দাশ এর খাস কামরায় খুনের দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে বলা হয়, গত ১৬ নভেম্বর দিবাগত রাতে মাসুদ পারভেজ, বশর ও কয়েকজন মিলে রহমত উল্লাহকে বাড়ীর অদূরে নিয়ে যায়। সেখানে তার অণ্ডকোষ ও গলায় লাঠি দিয়ে আঘাত করে ও শ্বাসরোধ করে রহমতকে খুন করা হয়। পরে ১৯ নভেম্বর রহমত উল্লাহ’র গলিত লাশ উদ্ধার করা হয়।

মাসুদ পারভেজের স্বীকারোক্তির এ সূত্র ধরে বশরকে মঙ্গলবার রাত দশটায় আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর বুধবার আদালতে জবানবন্দি প্রদানের জন্য প্রেরণ করা হবে।

প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর  চিকনদণ্ডী ইউনিয়ন ৫নং ওয়ার্ড আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক রহমত উল্লাহ' নিখোঁজ হন। নিখোঁজের প্রায় ৮০ ঘন্টা পর চিকনদণ্ডি ইউনিয়নের আহনেরপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। একইদিন নিহতের স্ত্রী ঝর্ণা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা রুজু করেন। রহমত উল্লাহ আহনেরপাড়া এলাকার মামুনের পূত্র ও পেশায় একজন নির্মাণ শ্রমিক ও খুনের দায় স্বীকার করা মাসুদ পারভেজ তার চাচা  পিয়ার মোহাম্মদের পুত্র।

ইত্তেফাক/নূহু