লক্ষ্মীপুর সদর উপজেলায় ডিবি পুলিশ পরিচয়ে অটোরিকশা ছিনতাইকালে পাঁচজনকে আটক করছে পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার, ছিনতাইকৃত অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করে। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছেন- আকাশ, শাহাদাত, আলীরাজ, নাজির মোল্লা ও সেলিম। তাদের সবার বাড়ি ঢাকার সাভারে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লক্ষ্মীপুর-রায়পুর সড়কের বেড়ির মাথা নামক এলাকায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশাকে দাঁড় করায় ছিনতাইকারীরা। এ সময় ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজপত্র যাচাই-বাছাই শুরু করে তারা। এক পর্যায়ে সিএনজি চালিত অটোরিকশার চালক সবুজকে অস্ত্র ঠেকিয়ে অটোরিকশার চাবি তাদের হাতে নিয়ে চালকের মুখে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে অটোরিকশাটি নিয়ে যায়। পরে অটোরিকশার চালক সবুজ তার গাড়ির মালিককে ফোন দিয়ে বিষয়টি জানায়। খবর পেয়ে সদর থানা পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এক পর্যায়ে সদর থানার পুলিশ মজুচৌধুরীর হাট এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ ছিনতাইকারীকে আটক করে। এ সময় তাদের ব্যবহৃত প্রাইভেটকার ও ছিনতাইকৃত সিএনজি চালিত অটোরিকশা ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লোকমান হোসেন জানান, ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়ি ছিনতাইকালে ৫ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তারা সবাই আন্তঃজেলা ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/জামান
