মাধবপুরে শিশুর লাশ উদ্ধার, ২ অপহরণকারী গ্রেফতার

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৪:১৫
 
মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের শিবজয় নগর গ্রামের একটি ডোবা থেকে শাহপরান (৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে এ লাশ উদ্ধার করে। নিহত ওই শিশুকে অপহরণের অভিযোগে জালাল মিয়া ও রাসেল মিয়া নামে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
 
নিহত শিশু শাহপরান ওই গ্রামের সাবান মিয়ার ছেলে। সে সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
 
নিহতের বাবা সাবান মিয়া জানান, ৬ জানুয়ারি বাড়ির পাশের একটি দোকান থেকে একই গ্রামের তাউস মিয়ার ছেলে জালাল (২৬) ও তার সহযোগী বড়লেখা উপজেলার চাঁনগ্রাম গ্রামের মোহাম্মদ আলীর ছেলে রাসেল (২৫) কৌশলে শাহপরানকে অপহরণ করে। রাতে তারা মোবাইল ফোনে ২ লাখ টাকা মুক্তিপণ দাবী করে। ৭ জানুয়ারি সাবান মিয়া মাধবপুর থানায় এ বিষয়ে জিডি করেন। মোবাইল ফোন ট্র্যাকিং করে মাধবপুর থানার এসআই মমিনুল ইসলাম  ওই দুইজনকে আটক করে। তাদের বর্ণনা অনুযায়ী ডোবার পানির নিচে ঝোপ থেকে মঙ্গলবার রাতে শাহপরানের মৃতদেহ উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে শাহপরানের পিতা সাবান মিয়া বাদী হয়ে মাধবপুর থানায় মামলা রুজু করেছেন।
 
ইত্তেফাক/জামান