নতুন বছরে প্রত্যয়ী লাবু মাফরু

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৫:১২
 
নতুন বছরে প্রত্যয়ী লাবু মাফরু। বছরের শুরুতেই নতুন উদ্দীপনায় কাজ শুরু করেছেন তিনি। দীর্ঘ এক দশকের অক্লান্ত পরিশ্রমে সংগীতাঙ্গনে নিজের প্রতিভা ছড়িয়েছেন। এর পাশাপাশি লেখা-লেখির সাথেও যুক্ত রয়েছেন। এমনকি কবিতার বইসহ কয়েকটি উপন্যাসও প্রকাশ পেয়েছে লাবু'র।
 
লাবু'র চারটি গানের এ্যালবাম বাজারে এসেছে। এর মধ্যে 'মনের কথা' এ্যালবামটি ব্যাপক সাড়া পেয়েছে। সেইসঙ্গে কাজ চলছে আরও দুটি একক এ্যালবামের। এছাড়াও বেশ কিছু এক্সক্লুসিভ মিউজিক ভিডিও রয়েছে লাবু মাফরু'র। যার মধ্যে 'উজান ভাটি, একটা হৃদয়, আমাকে তুমি ও আষাঢ় গেল' শ্রোতাদের কাছে অনেক জনপ্রিয়। এই মিউজিক ভিডিওগুলো নিজস্ব ইউটিউব চ্যানেল 'এল মাফরু মিউজিক স্টেশনে' প্রকাশিত হয়েছে।
 
গতবছর বই মেলায় প্রকাশিত হওয়া লাবু'র কবিতার বই 'তোমায় দেখি দিব্য জ্ঞানে' পাঠক সমাদৃত হয়েছে। শুধু কবিতার বই নয় সমাদৃত হয়েছে তার প্রকাশিত কয়েকটি উপন্যাসও। আসছে বই মেলায় লাবু'র দুটি কবিতার বই, দুটি ছোটগল্প ও একটি উপন্যাস প্রকাশিত হতে যাচ্ছে।
 
IMG0
 
মানিকগঞ্জের এক সম্ভ্রান্ত সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন লাবু। তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সংগীত শিল্পী। তাছাড়া বিভিন্ন চ্যানেলগুলোর বিশেষ গানের অনুষ্ঠানেও অংশ নিচ্ছেন। লেখা-লেখি ও গানের পাশাপাশি লাবু চালিয়ে যাচ্ছেন পড়াশুনাও। ইংরেজিতে অনার্স করছেন বাংলাদেশের নর্দার্ন ইউনিভার্সিটিতে। তবে এ সময়ে সংগীতই তার বড় সাধনা। গুণী শিল্পীর পরিচয়ে সংগীতাঙ্গনে বিচরণ করতে চান এই প্রভাবান শিল্পী। দৃঢ় প্রত্যয় নিয়ে তিনি সময়ের সঙ্গে এগুতে চান।
 
ইত্তেফাক/জামান