২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে হতাহতের ঘটনায় আনা মামলায় পলাতক আরো চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আজ বুধবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছেন।
রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। যুক্তিতর্কের ২৯ তম দিনে আজ পলাতক আসামি মাওলানা লিটন ওরফে জুবায়েরের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আবদুল বাতেন, পলাতক আসামি মুফতি সফিকুর রহমানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মাজহারুল কুদ্দুস, পলাতক আসামি মো. ইকবালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মুহাম্মদ মাহবুবুল আলম ও পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আশরাফুল আলম যুক্তিতর্ক পেশ শেষ করেন। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা তাদের আসামিদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে যুক্তিতর্ক পেশ করেন।
অপরদিকে আটক আসামি মুন্সি মুহিবুল্লাহ ওরফে অভির পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী সাইফুর রশিদ সবুজ। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম কাল বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। এছাড়া আসামি আবদুস সালাম পিন্টুর উন্নত চিকিৎসা সংক্রান্ত আনা একটি আবেদন বিষয়ে কাল শুনানি ও সিদ্ধান্ত জানানোর কথা জানান আদালত।
গতকাল পলাতক আসামি জাহাঙ্গীর আলম বদরের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী সাইদুল হক, রাতুল আহমদ বাবুর পক্ষে এডভোকেট মশিউর রহমান ও মহিবুল মোত্তাকিনের পক্ষে এডভোকেট হালিমা আক্তার যুক্তিতর্ক পেশ করেন।
এর আগে পলাতক ১৮ আসামির মধ্যে হানিফ পরিবহনের মালিক মো. হানিফের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার, পলাতক মো. খলিলের পক্ষে এডভোকেট খলিলুর রহমান খান, বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে এডভোকেট আশরাফ-উল আলম, বিএনপি নেতা পলাতক হারিছ চৌধুরীর পক্ষে এডভোকেট আবু তৈয়ব ও পলাতক আনিসুল মোরসালিনের পক্ষে এডভোকেট সাখাওয়াৎ হোসেন যুক্তিতর্ক পেশ শেষ করেন। বাসস
ইত্তেফাক/কেকে
