‘সেক্টর কমান্ডার্স ফোরামকে সহযোগিতা করবে সরকার’

আপডেট : ১০ জানুয়ারি ২০১৮, ১৯:০৮
 
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, রাজাকারমুক্ত বাংলাদেশ গড়তে সেক্টর কমান্ডার্স ফোরামকে সহযোগিতা করবে সরকার।
 
আজ বুধবার সকালে সচিবালয়ের তথ্যমন্ত্রী তাঁর নিজ দফতরে সেক্টর কমান্ডার্স ফোরামের নেতাদের বৈঠকে এ প্রত্যয় ব্যক্ত করেন।
 
এ সময়ে রাজাকার-যুদ্ধাপরাধীদের ও জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানায় সেক্টর কমান্ডার্স ফোরাম নেতারা।
 
তারা বলেন, রাজাকারেরা দেশ, গণতন্ত্র ও সমাজের শত্রু। বাংলাদেশকে অস্থিতিশীল করতে তাদের চক্রান্ত এখনো অব্যাহত রয়েছে। রাষ্ট্রের বিরুদ্ধে তাদের এ অপতৎপরতা নির্মূল করা মুক্তিযোদ্ধাদের নৈতিক দায়িত্ব। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করে এই ফোরাম।
 
তথ্যমন্ত্রী তাদের সঙ্গে একমত পোষণ করেন ও ফোরামের সঙ্গে সরকারের একাত্মতা জানান।
 
সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম শফিউল্লাহ বীর উত্তম, মহাসচিব হারুন হাবীব, ভাইস চেয়ারম্যান লেঃ কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী, ম হামিদ, নূরুল আলম, স্থপতি মোবাশ্বের হোসেন, সহকারী মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারি এবং ফোরামের কেন্দ্রীয় নারী পরিষদের প্রেসিডেন্ট লায়লা হাসান বৈঠকে অংশ নেন। বাসস
 
ইত্তেফাক/কেকে