শাবিতে ‘থিয়েটার সাস্ট’ এর নাট্যোৎসব শুরু

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৪:২৯
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’ এর চার দিনব্যাপী নাট্যোৎসব ও পুনর্মিলনী বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। সংগঠনটির দু’দশক পূর্তি উপলক্ষে ‘বন্ধনের বিশ, ভালোবাসা অহর্নিশ’ এই স্লোগানকে সামনে নিয়ে এই নাট্যোৎসব আগামী ১৪ জানুয়ারি পর্যন্ত চলবে।
 
বৃহস্পতিবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে নাট্যোৎসব ও পুনর্মিলনীর উদ্বোধন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন- অধ্যাপক ড. হিমাদ্রী শেখর রায়, অধ্যাপক আমিনা পারভীন, সহকারী অধ্যাপক সঞ্জয় কৃষ্ণ বিশ্বাস, শাকিল ভূইয়া, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজৎ কান্তি গুপ্তসহ সংগঠনের বর্তমান ও প্রাক্তন সদস্যরা। পরবর্তীতে ক্যাম্পাসে র‌্যালি এবং কেক কাটা হয়। 
 
বৃহস্পতিবার সন্ধ্যায় ৬টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের  প্রযোজনায় পরিবেশিত হবে নাটক ‘হাসন রাজা’। এছাড়া  সংগঠনটির নিজস্ব প্রযোজনার পাশাপাশি ১৩ জানুয়ারি  উৎসবে থাকছে  প্রাঙ্গণেমোর এর নাটক ‘কনডেমড সেল’ ও ১৪ জানুয়ারি ‘মনিপুরি থিয়েটার’ এর নাটক ‘ইঙ্গাল আধার পালা’। নাটকগুলো প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে মঞ্চায়ন হবে। পুনর্মিলনী  উৎসব শুক্রবার অনুষ্ঠিত হবে। 
 
ইত্তেফাক/এমআই