রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থীদের গুলিতে দুইজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী সদর উপজেলার সীমান্তবর্তী অন্তার মোড় বাজারে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের মৃত ইয়াদ আলী বিশ্বাসের ছেলে করম আলী বিশ্বাস (৫৫) ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামের ফজের আলী বেপারীর ছেলে ভ্যান চালক ইসলাম বেপারী (৪৫)।
স্থানীয়রা জানান, গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের গেদা শেখের ছেলে আলতাফ হোসেন উপজেলার সীমান্তবর্তী অন্তার মোড় বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। দুপুর ১২টার দিকে দুই যুবক চায়ের দোকানের সামনে গিয়ে আলতাফকে বাইরে আসার জন্য ডাকে। বিপদ আঁচ করতে পেরে আলতাফ দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এ সময় ওই দুই যুবক আলতাফকে ঝাপটে ধরে গুলি করে। কিন্তু ধস্তাধস্তিতে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের একটি দোকানের সার্টারের গিয়ে লাগে। সেখান থেকে আলতাফ দৌড়ে পালায়। গুলির শব্দে এলাকার লোকজন ঘিরে ফেললে যুবকরা ফাঁকা গুলি ছুঁড়তে ছুঁড়তে পদ্মা নদীর দিকে যায়। এ সময় গুলিতে দুইজন আহত হন।
সহকারী পুলিশ সুপার আছাদুজ্জামান জানান, চরমপন্থীদের মধ্যে আধিপত্য বিস্তার ও আভ্যন্তরীণ কোন্দলের কারণে এ ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ইত্তেফাক/ইউবি
