প্রণব মুখার্জির আগমনে চবিতে কঠোর নিরাপত্তা

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ১৭:৩৭
 
আগামী ১৬ জানুয়ারি ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে সম্মানসূচক ( ডক্টর অফ লের্টাস) ডি লিট ডিগ্রি প্রদান করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। তার আগমনকে সামনে রেখে এক সপ্তাহ আগে থেকে কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। 
 
১৬ জানুয়ারি সকালে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি চট্টগ্রাম শহরের রেডিসন ব্লু হোটেলে অবস্থান করবেন এবং দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত প্রণব মুখার্জির চবিতে অবস্থান করবেন।  তার অবস্থানকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা করছে। হোটেল রেডিসন ব্লু থেকে শুরু করে নগরীর অক্সিজেন হয়ে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেট পর্যন্ত ৪১টি পয়েন্টে পুলিশ মোতায়েন করবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। এ ছাড়া সাদা পোশাকধারী পুলিশ, এসএসএফ, র‌্যাবসহ পুলিশের গোয়েন্দা কর্মকতা মোতায়েন থাকবে। অন্যদিকে ভারতের সাবেক রাষ্ট্রপতি ক্যাম্পাসে আগমনকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ সময় ক্যাম্পাসে ৪০০ পুলিশ, এসএসএফ, র‌্যাবসহ পুলিশের গোয়েন্দা কর্মকর্তারা মোতায়েন করা হবে। এর আগ থেকে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সদস্যরা নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীকে আইডি র্কাডসহ ক্যাম্পাসে অবস্থান করতে হবে। আইডি কার্ড ব্যতীত কাউকে পাওয়া গেলে তাকে আটক করা হবে এবং সন্ধ্যা সাতটার পরে ক্যাম্পাসের ভিতরে চলাফেরা করা যাবে না।
 
প্রণব মুখার্জি চবিতে অবস্থানকালে প্রীতিলতা হল ও মাস্টারদা সূর্য সেন হল পরিদর্শন করবেন। এর আগে চবির শহীদ আব্দুর রব হলের মাঠে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তিনি। পরে চবির পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডি লিট ডিগ্রি প্রদান করা হবে।
 
নিরাপত্তার বিষয়ে চবি প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগমনে আমরা তার নিরাপত্তার বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো।
 
ইত্তেফাক/ইউবি