প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান ফিজার বলেছেন, হাজারো শেরে বাংলা, সোহরাওয়ার্দী আর মাওলানা ভাসানীর জন্ম হলেও একজন শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ হতো না, তেমনি হাজারো আওয়ামী লীগ নেতাকর্মীর জন্ম হলেও একজন শেখ হাসিনার জন্ম না হলে বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও ফাঁসি রায় কার্যকর হতো না, তেমনি যুদ্ধাপরাধী কুলাঙ্গারদের বিচার ও ফাঁসি হতো না।
দিনাজপুরের ফুলবাড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে “উন্নয়নের রোল মডেল, শেখ হাসিনার বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার বিকেলে তিনদিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ এখন বিশ্বের দরবারে উন্নয়নের একটি রোল মডেলে পরিণত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ্, সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, প্রকৌশলী কর্মকর্তা মো. শহিদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসিম হাবিব, ইউপি চেয়ারম্যান মো. মানিক রতন প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
