ব্রাহ্মণবাড়িয়ায় তক্ষকসহ চারজন আটক

আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ২৩:৫৫

ব্রাহ্মণবাড়িয়ায় লাখ টাকার বিরল প্রজাতির তক্ষকসহ প্রতারক চক্রের চার সদস্যকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার দিবাগত রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে শহরতলির ঘাটুরা এলাকা থেকে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নবী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলো, কিশোরগঞ্জ জেলার হোসেনপুরের ফজলুল হকের ছেলে জহিরুল হক (৩৫), ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত ইছা সরকারের ছেলে দিলীপ সরকার (৪২), ব্রাহ্মণবাড়িয়া শহরের মধ্যপাড়ার আবুল হোসেনের ছেলে মোখলেসুর রহমান (৪৩), সদর উপজেলার চান্দিয়ারা গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে নাসিম (৫০)।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবীর হোসেন আরো জানান,  গোপন সংবাদের ভিত্তিতে এ চার সদস্যকে আটক করা হয়। বৃহস্পতিবার আটক চারজনকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/নূহু