ছাড় ও উপহারে স্মার্টফোন ও ট্যাব মেলা জমজমাট

আপডেট : ১২ জানুয়ারি ২০১৮, ২২:১১
 
বিশেষ মূল্যছাড় আর উপহারে ছুটির দিনে শুক্রবার রাজধানীতে জমে উঠেছে ‘টেকশহর ডটকম স্মার্টফোন অ্যান্ড ট্যাব এক্সপো ২০১৮’। তিন দিনব্যাপি এই মেলার দ্বিতীয়দিন ছিল আজ। 
 
শুক্রবার সকাল থেকেই দর্শনার্থীদের পদচারনায় মুখরিত হয়ে উঠে ঢাকার আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) দেশের প্রযুক্তিখাতের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় এই আয়োজন। ছুটির দিন থাকায় বড়দের পাশাপাশি ছোটদের ও শিক্ষার্থীদের অংশগ্রহন ছিল দেখার মতো। বিক্রিও হচ্ছে বেশ। 
 
মেলায় দেশি বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠানের মধ্যে স্যামসাং, টেকনো, শাওমি, উই, হুয়াওয়ে, এলজি স্মার্টফোন, অপ্পো, সিম্ফনি, লাভা, নকিয়া, লেনোভো, আসুস জেনফোন, উইনম্যাক্স, মাইক্রোম্যাক্স, ডিসিএল, ডিটেল, এডাটা, কিকসা ডটকম, আজকের ডিল, মেঘনা ব্যাংক ট্যাপ এন পে, কুইক ফিক্স, বিজয় ডিজিটালসহ বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে। মেলা উপলক্ষে ইতোমধ্যে ব্র্যান্ডগুলো নানা ধরনের ছাড়-উপহার দিচ্ছে। 
 
দেশে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার নিয়ে এটিই সবচেয়ে বড় আয়োজন। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এক্সপো মেকারের স্মার্টফোন ও ট্যাবলেট নিয়ে এটি নবম আয়োজন। চলবে আগামীকাল ১৩ জানুয়ারি পর্যন্ত। 
 
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, প্রদর্শনী উপলক্ষে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো বিশেষ ছাড় ও উপহার দিচ্ছে। দর্শকরা প্রযুক্তির আধুনিক সব স্মার্ট ডিভাইস যাচাই বাছাই করে দেখতে ও কিনতে পারছেন। রয়েছে অন্যান্য অনেক আয়োজন।
 
ইত্তেফাক/ইউবি