টেকশহর ডটকম স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৮ এর প্রথমদিনে অনুষ্ঠিত হয় ‘মোবাইল অ্যাপ ও গেইম : সম্ভবনা ও করণীয়’ বিষয়ক সেমিনার। এডুমেকার ও টেকশহরের আয়োজনে এই সেমিনারটিতে কিনোট উপস্থাপন করেন বিশ্বমাতানো গেম ট্যাপ ট্যাপ অ্যান্টসের নির্মাতা এবং রাইজআপ ল্যাবসের প্রতিষ্ঠাতা ও সিইও এরশাদুল হক। সেমিনারটি মডারেটও করেন তিনি।
সেমিনারে মাইন্ডফিশার গেমসের প্রতিষ্ঠাতা ও সিইও জামিল রশিদ বলেন, দেশীয় খাতে গেম বেশ কম, তাই যদি দেশীয় বাজার লক্ষ্য করে ভালো গেম তৈরি করা যায় তাহলে অনেক বেশি সাড়া পাওয়া যাবে। নতুনদের গেম তৈরি করতে হলে কোয়ালিটির দিকে নজর দিতে হবে।
নতুন কেউ যদি মোবাইল অ্যাপ তৈরি করতে চায় তাহলে কোন বিষয়ে নজর দিতে হবে, এমন প্রশ্নের জবাবে অডাসিটি আইটি সলিউশনের প্রতিষ্ঠাতা ও সিইও সিদ্দিক আবু বাক্কার বলেন, নতুন ডেভেলপাররা যদি দেশীয় মার্কেট লক্ষ্য করে অ্যাপ তৈরি করতে চান তাহলে প্রথমে কোন একটি সমস্যার সমাধান করতে হবে। যদি অ্যাপ ব্যবহারকারীদের উপকার হয় তাহলে তা জনপ্রিয়তা পাবে এবং লাভবান হওয়া যাবে।
নতুনরা কিভাবে স্কিল ডেভেলপ করবেন, এই সম্পর্কে আইটিআইডব্লিউ এর প্রতিষ্ঠাতা ও সিইও তানভীর আদনান বলেন, গেম খাতে কাজ করতে হলে অবশ্যই তাদের আগ্রহী হতে হবে বিষয়টি নিয়ে। গেম নিয়ে বিশ্বের অনেক দেশের বিশ্ববিদ্যালয়ে ৪ বছরের কোর্স রয়েছে। কিন্তু আমাদের দেশে তেমন নেই। তবে কিছু প্রতিষ্ঠান প্রশিক্ষণ দিলেও তা পর্যাপ্ত নয়। এক্ষেত্রে সবচেয়ে সহজ উপায় হল ইন্টারনেট থেকে শেখা।
