বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০১৭ জন ছাত্রছাত্রীকে পুরস্কার দেয়া হয়েছে। শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন মাঠে দুই দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসবের শেষ দিনে তাদের হাতে পুরস্কার দেয়া হয়।
সমাপনী পর্বে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, ইনস্টিটিউট অব আর্কিটেক্টস অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট ও বীর মুক্তিযোদ্ধা স্থপতি মোবাশ্বের হোসেন, সাবেক সচিব ও বিশ্বসাহিত্য কেন্দ্রের সম্মানিত ট্রাস্ট্রি খোন্দকার মো. আসাদুজ্জামান, শিশু সাহিত্যিক ও টেলিভিশন ব্যক্তিত্ব আলী ইমাম, বিকাশ লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির, বিশ্বসাহিত্য কেন্দ্রের শুভানুধ্যায়ী ও ব্যবস্থাপনা বিশেষজ্ঞ খালিদ হাসান এবং বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হল জীবন। এ জীবনকে যে যত আনন্দ দিতে পারবে, সে ততই ভাগ্যবান। আর জীবনকে আনন্দ দেয়ার অন্যতম মাধ্যম হল বই।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এর সচিব মোঃ সোহরাব হোসাইন পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, জীবনে সফল হতে হলে ভাল বই পড়তে হবে। বই মানুষকে বিকশিত করে, মননশীল করে এবং মানুষকে ভাল সঙ্গ দিতে পারে। এসময় তিনি আরো বলেন, বই পড়ার মতো এই যুগোপযোগী কর্মসূচিকে সরকার সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই।
পুরস্কার বিতরণী শেষে সন্ধ্যায় কয়েক হাজার মোমবাতি জ্বালিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...’ গানটি গেয়ে উৎসবের সমাপ্তি ঘোষণা করা হয়।
ইত্তেফাক/ইউবি
