রাজশাহীতে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ২২:১৪
 
রাজশাহী মহানগরীতে কলেজছাত্রী রিতু খাতুনের (২০) রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে নগরীর ডাশমারি এলাকার একটি বাড়ির দোতলা থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠায় মতিহার থানা পুলিশ। 
 
শুক্রবার দিবাগত রাতে মির্জাপুর কিন্ডার গার্টেন স্কুল সংলগ্ন জনৈক সুরমা বেগমের বাসার দ্বিতীয় তলায় গিয়ে কলেজ ছাত্রী রিতু মদপান করে বলে পুলিশ জানিয়েছে।
 
জানা যায়, ডাশমারী পূর্বপাড়া মহল্লার মৃত নেকবর হোসেনের মেয়ে রিতু। সে নগরীর বিনোদপুরের কমেলা হক ডিগ্রি কলেজের ছাত্রী ছিল। এ ঘটনায় সুমরা ও রেজাউল নামের দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে মতিহার থানা পুলিশ। পুলিশের ধারণা অতিরিক্ত মদপানের কারণে রিতুর মৃত্যু হয়েছে। 
 
মতিহার থানার ওসি মেহেদী হাসান জানান, স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী রিতু নেশাগ্রস্ত ছিলেন। এই নেশাগ্রস্তের ঘটনা তার পরিবারের সদস্যরাই পুলিশকে জানিয়েছে। এরপর সকালে অসুস্থ হয়ে পড়লে সুরমা রিতুর মাকে খবর দেয়। পরে খবর পেয়ে তার লাশ উদ্ধার করা হয়। এসময় তার শরীরে মদের গন্ধ পাওয়া যায়। এছাড়াও সুরমার বাড়িতে যে ঘরে রিতু ছিল সেখানেও মদের বোতল পাওয়া গেছে। সুরমার বাসায় মাঝে মধ্যে গিয়ে রিতু থাকতো বলে জানান ওসি। 
 
ওসি আরো বলেন, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রিতুর লাশের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
 
ইত্তেফাক/আরকেজি