আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শুক্রবার রাতে বরিশালের গৌরনদীতে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় হামলা-পাল্টা হামলা হয়েছে। সংঘর্ষে ছাত্রলীগের ৫ নেতাকমী আহত হয়েছে। গুরুতর আহত ছাত্রলীগ কর্মী জিহাদ মিয়াকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জিহাদের ওপর হামলার প্রতিবাদে ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী শনিবার সকালে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কের ওপর বিক্ষোভ মিছিল করে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে গৌরনদী থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে পৌছে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। তাৎক্ষণিক পুলিশ সরকারি গৌরনদী কলেজ গেটে অভিযান চালিয়ে ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে আটক করেছে।
গৌরনদী মডেল থানার ওসি মনিরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার ও দলীয় অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের সদস্য হাসিব হোসেনের সাথে ওই কলেজের ক্রীড়া সম্পাদক আরিফ মিয়া গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে কয়েক বার হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ইত্তেফাক/আরকেজি
