ফুলপুরে উন্নয়ন মেলায় মাতিয়ে গেলেন কুদ্দুুস বয়াতী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ০১:৩২

ময়মনসিংহের ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা শেষ হয়েছে। বিদায়ী অনুষ্ঠানে শনিবার রাতে গান গেয়ে ফুলপুর মাতিয়ে গেলেন প্রখ্যাত বাউল শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-২(ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া সরকারি-বেসরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিল্পী আব্দুল কুদ্দুস বয়াতী নাচের তালে তালে একের পর এক গান গেয়ে উপস্থিত হাজারো দর্শকের মন মাতিয়ে তুলেন। গ্রাম-বাংলার এই জনপ্রিয় বাউল শিল্পীকে পেয়ে ফুলপুরে বাঁধভাঙ্গা আনন্দের জোয়ার বয়ে যায়।

দুপুরের দিকে কুদ্দুস বয়াতী ফুলপুরে পৌঁছেন। এ খবর  ছড়িয়ে পড়লে বিকেল থেকে উন্নয়ন মেলা মঞ্চ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দর্শকদের ভীড় বাড়তে থাকে। সন্ধ্যার আগে মঞ্চের সামনের আসন কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত ৮টার দিকে কুদ্দুস বয়াতী তার দল নিয়ে মঞ্চে গান পরিবেশন শুরু করলে মঞ্চের সামনে তিল ধারণের জায়গা ছিল না। সব ছাপিয়ে হালুয়াঘাট সড়কেও দর্শকদের দাঁড়িয়ে গান উপভোগ করতে দেখা যায়।

গত ১১ জানুয়ারি ফুলপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যপী এই উন্নয়ন মেলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। মেলায় সরকারি, বেসরকারি, এনজিওসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার মেলায় ৪৫টি স্টল বসেছিল।

ইত্তেফাক/নূহু