টপঅর্ডারে খেলা হচ্ছে না সাব্বিরের

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৮, ১১:৪৯
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে বদলে যাচ্ছে বাংলাদেশের ব্যাটিং অর্ডার। মিডল অর্ডার থেকে উঠে এসে সাকিব আল হাসান খেলতে পারেন টপঅর্ডারে। আর সাকিবকে জায়গা দিতে গিয়ে টপঅর্ডারে জায়গা পাচ্ছেন না সাব্বির রহমান। ওয়ানডে ক্যারিয়ারের শুরুর সময়গুলোর মতো নিচের দিকে ব্যাটিং করতে হবে সাব্বিরকে। গতকাল সন্ধ্যার দিকে সাংবাদিকদের এমনটাই বলেছেন তিনি। আর ছয়-সাতে ব্যাটিংয়ের জন্য ভালোভাবেই প্রস্তুত হচ্ছেন সাব্বির।
 
আগামীকাল শুরু হতে চলা সিরিজে ডানহাতি এ ব্যাটসম্যানকে আবারও দেখা যেতে পারে ফিনিশারের ভূমিকায়। গতকাল সাব্বির বলেছেন, ‘আমার খেলাই আসলে এমন। আগে যখন তিন নম্বরে খেলতাম, তখন ব্যাপারটা অন্য রকম ছিল। এখন ছয় সাত বা পাঁচ ছয়ে খেলবো। এটা টিম ম্যানেজমেন্টের ব্যাপার। আমি যখন যেখানে খেলার সুযোগ পাবো, চেষ্টা করবো পরিস্থিতি অনুযায়ী খেলার। এখন আমি চিন্তা করছি, কখন কিভাবে খেলা উচিত তা নিয়ে। যদি উইকেটে থাকি, ম্যাচ ফিনিশ করবো ইনশাল্লাহ।’
 
সাব্বিরের চিন্তার প্রতিফলন রয়েছে অনুশীলনেও। গত কয়েকদিন ধরেই তাকে দেখা গেছে নেটে বল উড়িয়ে মারার চেষ্টা করতে, ডাউন দ্য উইকেট এসে খেলতে,  স্কুপসহ নানামুখী ভিন্নধর্মী শটের অনুশীলন করতে।
 
২০১৪ সালে ওয়ানডে ক্যারিয়ার শুরু হয়েছিল তার। তখন ব্যাটিং করতেন পাঁচ, ছয়, সাত নম্বরে। ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে হোম সিরিজ থেকেই হাথুরুসিংহে ওয়ানডেতেও তিন নম্বরে সুযোগ দেন ২৬ বছর বয়সী এ ব্যাটসম্যানকে। তিন  নম্বরে ১৪ ম্যাচ খেলে তিনটি হাফসেঞ্চুরি করেছেন তিনি।
 
গতকাল সকাল থেকেই একাকী ব্যাটিং, রানিং করছেন মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের আনুষ্ঠানিক অনুশীলনের আগেই মুশফিকের এক পর্ব শেষ হয়ে গিয়েছিল। মাঠে ফুটবল খেলে গা গরমের পর পুরো বিকেল জুড়ে মিরপুর স্টেডিয়ামের ইনডোরে অনুশীলন করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং হয়েছে একটানা পাঁচ পর্যন্ত।
 
ত্রিদেশীয় সিরিজের জন্য সাব্বিরের ব্যক্তিগত প্রস্তুতি ভালো চলছে। তিনি বলেছেন, ‘ব্যক্তিগতভাবে আমি ভালোভাবেই প্রস্তুত। যদিও গত কয়েকটা ম্যাচ আমার খারাপ গেছে। আমি চেষ্টা করেছি, আমার যেটা দুর্বল জায়গা, সেটা শক্ত করার জন্য। ওটা নিয়ে কাজ করেছি।’
 
স্পিনারদের বিপক্ষে ফ্রন্টফুটে খেলা নিয়ে কাজ করছেন সাব্বির। আগের মতোই আগ্রাসী ব্যাটিং করতে চান তিনি। তবে ওয়ানডে ক্যারিয়ারে সেঞ্চুরি না পাওয়ায় হতাশা বয়ে বেড়াচ্ছেন তিনি। ৪৬ ম্যাচে পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তার। 
 
সাব্বির বলেন, ‘আমি আসলে এটা নিয়েই হতাশ। চেষ্টা করছি সেঞ্চুরি করার জন্য। চেষ্টা করছি ইনশাল্লাহ। যাতে আগ্রাসী রূপ নিয়ে নিজের খেলাটা খেলতে পারি।’ ওয়ানডেতে ৪৬ ম্যাচে ৯৮৫ রান করেছেন সাব্বির। এই সিরিজে আর ১৫ রান করলেই এক হাজারী ক্লাবে নাম লেখাবেন তিনি।
 
সিরিজে যে দল ভালো চ্যালেঞ্জ নিতে পারবে তারাই ভালো করবে বলে বিশ্বাস সাব্বিরের। কয়েকদিন আগেই মাঠের বাইরের ঘটনায় শাস্তি পেতে হয়েছে তাকে। রয়েছে ডিমেরিট পয়েন্টের চাপও। সাব্বির এসব নিয়ে ভাবতেই চান না।
 
তিনি বলেন, ‘মানুষ হিসেবে আমার উপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। তবে যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে অতীত অতীতই! যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি। চিন্তা করছি জাতীয় দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে। কারণ আমি বাংলাদেশের পতাকা বহন করছি।’
 
ইত্তেফাক/কেআই