শৈতপ্রবাহ আর ঘন কুয়াশার কারণে ঢাকা থেকে প্রকাশিত সকল জাতীয় দৈনিক পত্রিকা বেনাপোলে যথা সময়ে পৌঁছাতে না পারায় গত ২ সপ্তাহ ধরে এ সব অঞ্চলের পাঠকরা পত্রিকা পাঠ থেকে বঞ্চিত হচ্ছে।
ঢাকার আরিচা-দৌলাদিয়া ঘাটে কুয়াশায় ফেরি চলাচল না করতে পারায় ঢাকা থেকে পত্রিকা বহনকারী কোন গাড়ি পার হতে না পারায় এ সমস্যায় সৃষ্টি হচ্ছে। সকাল-৮টার মধ্যে যে সব পত্রিকা বহনকারী গাড়ি বেনাপোল-নাভারণ পৌঁছাতে পারতো তা এখন আসছে সন্ধ্যা ৬ টায় । এ সময় সরকারি-বেসরকারি অফিস বন্ধ হয়ে যায়। ফলে পত্রিকা এজেন্ট এবং হকাররা পড়েছে বিপাকে। ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা আর্থিক ভাবে। গত ২ সপ্তাতে কয়েক হাজার অবিক্রিত কাগজ পড়ে আছে এজেন্টদের কাছে।
বেনাপোলের সংবাদগত্র এজেন্ট পারভেজ আলম টিপন জানান, পত্রিকা নিয়ে বেশ বিপাকে পড়েছি। রাতের বেলা পত্রিকা আসলে কোথায় বিক্রি করবো। তা ছাড়া রাতে পত্রিকা গ্রাহকরা পত্রিকা নিতে চাই না। ফলে আমরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। একই সমস্যার কথা জানালেন পত্রিকা এজেন্ট হাফিজুর রহমান ও হকার আজাদ এবং আলীম।
ইত্তেফাক/ইউবি
