রাজধানীর পশ্চিম নাখালপাড়ার জঙ্গি আস্তানা ‘রুবি ভিলায়’ র্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মেজবা উদ্দিন। তার বাবার নাম এনামুল হক, মাতা তাহমিনা আক্তার। গ্রামের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লে, কর্নেল এমরানুল হাসান। এদিকে ঘটনার পর আটককৃত রুবি ভিলার মালিক, কেয়ারটেকারসহ যাদেরকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদ শেষে রবিবার তাদের সবাইকে ছেড়ে দেয়া হয়েছে।
অধিনায়ক লে, কর্নেল এমরানুল হাসান জানান, আস্তানায় জাহিদ নামে দু’টি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। পরিচয়পত্র দু’টিতে ভিন্ন ভিন্ন তথ্য থাকায় তাৎক্ষণিকভাবে সঠিক পরিচয় নিয়ে সন্দেহের সৃষ্টি হয় এবং পরিচয়পত্রটি ভুয়া বলে ধারণা করা হয়। কথিত জাহিদের ফিংগার প্রিন্ট একটি জাতীয় পরিচয়পত্রের সঙ্গে মিলে যায়। প্রাপ্ত জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তার নাম মেজবা উদ্দিন।
অপর এক প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, মেজবাউদ্দিনের বাবা , মা ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে। তাদেরকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। তারা ঢাকায় আসলে লাশ সনাক্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে নিয়ে যাওয়া হবে।
উল্লেখ্য, শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয় ও পুরোনো এমপি হোস্টেলের পিছনে পশ্চিম নাখাল পাড়ার ১৩/১, রুবি ভিলায় র্যাবের অভিযানে তিন জন নিহত হয়।
ইত্তেফাক/এমআই
