মাঠের বাইরে ব্যক্তিগত পর্যায়ে কি হয়েছে তা নিয়ে ভাবতে চান না সাব্বির রহমান। তার পূর্ণ মনোযোগ মাঠের খেলায়। আগামীকাল থেকে শুরু হওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশকেই ফেবারিট মানছেন এ হার্ড হিটার ব্যাটসম্যান। হোম কন্ডিশনে খেলা হলেও, আবহাওয়ার বিবর্তনে কিছুটা অস্বস্তির কারণ মনে করছেন সাব্বির। মাঠের লড়াইয়ের পাশাপাশি আবহাওয়ার চ্যালেঞ্জ হিসেবে নিয়ে খেলতে চায় বাংলাদেশ।
নিষেধাজ্ঞা আর জরিমানা দিয়ে এ বছর শুরু হয় সাব্বির রহমানের। মাঠের বাইরে নানা কারণে বরাবর আলোচনায় থাকা এই ক্রিকেটারকে পড়তে হয় ঘরোয়া ক্রিকেটে নিষেধাজ্ঞায়। সঙ্গে মোটা অঙ্কের জরিমানা। নিষেধাজ্ঞার পর প্রথমবারের মত গণমাধ্যমে হার্ড হিটার এই ব্যাটসম্যান। বিসিবির এমন কঠোর পদক্ষেপের কোনো মন্তব্য করেন নি। আপাতত সাব্বিরের পূর্ণ মনোযোগ মাঠের খেলায়।
আট বছর পর ত্রিদেশীয় সিরিজ খেলার অপেক্ষায় টাইগাররা। প্রতিপক্ষ জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা চেনা হলেও, সিরিজটি আলোচনায় প্রতিপক্ষ দল দু’টির কোচের বাংলাদেশের ক্রিকেটের আদ্যোপান্ত জানা বলেই। সেটা সেটা চিন্তার কারণ মনে করছেন না সাব্বির। মাঠে পরিকল্পনা মাফিক খেললে সিরিজে ফেভারিট বাংলাদেশই। বলছেন অকপটে। তবে তার চিন্তার কারণ আবহাওয়া। হোম কন্ডিশনে খেলা হলেও, বাড়তি সুবিধা কতটুকু নিতে পারবে টাইগাররা প্রশ্ন সেটাই। গত কয়েকদিন ধরে মিরপুরের আকাশ ঢাকা মেঘ আর কুয়াশায়। সাথে থাকছে ডিউ ফ্যাক্টর। ফলে গুরুত্বপূর্ণ হবে টস। সাব্বিরও তা মানছেন।
তবে দল সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তত বলে দৃঢ়তার সঙ্গে জানান। তিন বছর আগে সাব্বিরের ওয়ানডে অভিষেক হয়েছিল জিম্বাবুয়ের বিপক্ষেই। এবারের ত্রিদেশীয় সিরিজ অনেক সমালোচনার জবাব দেয়ার মঞ্চ তার জন্য।বাসস।
ইত্তেফাক/রেজা
