গোপালগঞ্জে ট্রলির ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত সড়ক অবরোধ বিক্ষোভ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ০১:৪৪

গোপালগঞ্জে ট্রলি চাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী চম্পা মন্ডল নিহত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় এ সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহত চম্পা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২য় বর্ষের ছাত্রী। তিনি খুলনা জেলার দাকোপ উপজেলার ডালিয়াখালী গ্রামের সুদেব মন্ডলের মেয়ে।

এ খবর পেয়ে বিক্ষুব্ধ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা প্রথম বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ শুরু করে। পরে ঘোনাপাড়ায় ঢাকা-খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। রাত ১০টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জিদান পরিবহনের একটি বাসসহ তিনটি গাড়ি ভাঙচুর করে। এ সময় সড়কের দু’পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘোনাপাড়ায় ফুট ওভার ব্রিজ নির্মাণের দাবি জানায়। বিশ্ববিদ্যালয়ের ভিসি এ দাবি মেনে নিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেন।

গোপালগঞ্জ সদর থানার ওসি মো. সেলিম রেজা জানান, বিশ্ববিদ্যালয়ের শীতের ছুটি শেষে চম্পা গ্রামের বাড়ি থেকে রবিবার বিশ্ববিদ্যালয়ের ক্লাসে যোগ দিতে খুলনার বাসে করে চম্পা ঘোনাপাড়া আসেন। বাস থেকে নামার পর একটি ট্রলি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ইত্তেফাক/নূহু